মেহের আফরোজ শাওনের ফেসবুক পোস্টে নুসরাত ইমরোজ তিশার সমালোচনা

 জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকেন এবং বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। এবার তিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন।

রবিবার (১০ আগস্ট) শাওন তিশার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিশাকে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা ও ভালোলাগা প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে তিশার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কিছু ছবিও প্রদর্শিত হয়েছে। এই ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, “এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে—এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।”

তিশা প্রসঙ্গে শাওন আরও লিখেছেন, “১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।”

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তিশার অভিনয় প্রসঙ্গে শাওন লিখেছেন, “ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছাও নেই। বাস্তবজীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।” পোস্টের শেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে তিনি লিখেছেন, “নাটক কম করো পিও।”

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুননেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল, এবং শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর, তিশাকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। শাওনের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi