অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন সাদিয়া জাহান প্রভা

 জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার ব্যক্তিগত ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় তিনি জানান, ‘ট্রাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি তার অনুমতি ছাড়াই তার ভ্রমণের ছবি ও ভিডিও বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করছে।

প্রভা বলেন, “আমি ট্রাভেল ট্র্যাকারসের কাছ থেকে কোনো সেবা নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি নিজের খরচে ভ্রমণ করি। তারপরও তারা আমার ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে, যা সম্পূর্ণ অনৈতিক।”

তিনি সতর্ক করে বলেন, “আমার অনুমতি ছাড়া কেন আমার ছবি-ভিডিও ব্যবহার করা হচ্ছে? এটা ঠিক নয়। আমি এই বিষয়ে কোনো অনুমতি দিইনি।”

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্র্যাকারসের একজন কর্মকর্তা কবির ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা এ বিষয়ে ভালো বলতে পারবে।” তবে, পরবর্তীতে তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত। নিউ ইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে তিনি মেকআপ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি অভিনয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে ভক্তদের মাঝে জনপ্রিয়তা ধরে রেখেছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi