‘ধূসর প্রজাপতি’ নাটকের প্রচার শুরু, তৌকীর আহমেদের নতুন কাহিনী নিয়ে উচ্ছ্বাস

 বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ নির্মিত নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’ প্রচারে এসেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রতি রবিবার থেকে মঙ্গলবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে এই নাটক। টেলিভিশনে প্রচারের পর বিটিভির ইউটিউব চ্যানেলেও দর্শকরা এটি উপভোগ করতে পারছেন।

তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত এই ২৬ পর্বের ধারাবাহিক নাটকটি সম্পর্কের টানাপোড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভূতি এবং জীবনের ধূসর দিকগুলো নিয়ে গড়ে উঠেছে। নাটকটি সম্পর্কে তৌকীর বলেন, “এটি কেবল একটি নাটক নয়, বরং সময়, সম্পর্ক আর আত্মঅনুসন্ধানের এক নান্দনিক কাহিনী।”

নাটকে অভিনয় করেছেন বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুরের মতো কিংবদন্তি তারকারা। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে মীর রাব্বি, সাবরিনা আজাদ এবং তনুশ্রী দত্তকে। প্রধান দুই চরিত্রে জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও আইশা খান। তৌকীর নিজেও এই নাটকে অভিনয় করেছেন।

২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর পরিচালনায় তৌকীর আহমেদকে আর দেখা যায়নি। এর আগে ২০২০ সালে তিনি ‘রুপালী জ্যোৎস্নায়’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। পাঁচ বছর পর নতুন ধারাবাহিক নিয়ে ফিরে এসে তিনি বেশ আশাবাদী। তিনি বলেন, “পাঁচ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনা করলাম। এতে আমিও অভিনয় করেছি। এটি একটি ভালো গল্পের নাটক। সবাই দারুণ অভিনয় করেছেন। এখন দর্শকের দেখার পালা। তাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে।”

‘ধূসর প্রজাপতি’ নাটকটি দর্শকদের মাঝে ইতিমধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। তৌকীর আহমেদের নির্মাণশৈলী এবং তারকাবহুল এই নাটক বাংলা ধারাবাহিকের জগতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi