বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ: হৃতিক রোশন ও সুজান খানের ৫২৭ কোটি টাকার নিষ্পত্তি

 তারকাদের বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার হিসাব। কিন্তু বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ সেই হিসাব ছাপিয়ে গেছে। এই দম্পতির বিচ্ছেদ নিষ্পত্তিতে খরচ হয়েছে প্রায় ৫২৭ কোটি টাকা, যা বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে রেকর্ড গড়েছে।

হৃতিক রোশন, নির্মাতা রাকেশ রোশনের ছেলে এবং সুজান খান, অভিনেতা সঞ্জয় খানের মেয়ে—দুজনেই শৈশব থেকে ছিলেন বন্ধু। হৃতিকের বলিউডে অভিষেকের সময়, ‘কাহো না... পেয়ার হ্যায়’ (২০০০) ছবির শুটিং চলাকালে তাদের প্রেম শুরু হয়। চার বছরের প্রেমের সম্পর্কের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুই ছেলের জন্ম হয়—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।

২০১০ সালে ‘কাইটস’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্কে ফাটল ধরার খবর ছড়ায়। অবশেষে ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তবে বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই তাদের সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পেয়েছেন ৩৮০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা। এই অর্থ নগদ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো আকারে দেওয়া হয়েছে কিনা, তা প্রকাশ করা হয়নি। তবুও এই অঙ্ক বলিউডের ইতিহাসে সর্বোচ্চ বিচ্ছেদ নিষ্পত্তি হিসেবে রেকর্ড গড়েছে।

বর্তমানে হৃতিক অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন, আর সুজান আর্সলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। হৃতিককে শিগগিরই দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi