ছোটপর্দায় ফিরছেন বিক্রম-ঐন্দ্রিলা, নতুন চমক রিয়্যালিটি শোয়ে

জনপ্রিয় অভিনয়শিল্পী ঐন্দ্রিলা সেন ও বিক্রম চট্টোপাধ্যায় আবারও ফিরছেন ছোটপর্দায়। দীর্ঘদিন পর এ জুটি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জেনে দর্শকমনে কৌতূহলের শেষ নেই। শেষবার তাদের দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এ। এরপর দুজনেই মন দেন বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্মের কাজে।

গত ছয় বছরে ঐন্দ্রিলা যেমন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন, তেমনই বিক্রমকেও দেখা গেছে একের পর এক সিনেমায়। তবে দর্শকরা বিশেষভাবে এই জুটিকেই ছোটপর্দায় দেখতে বেশি পছন্দ করেন।

ঐন্দ্রিলার প্রথম সিনেমায় নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা। তবে বাস্তব জীবনের জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার চেয়ে দর্শকদের কাছে বিক্রম-ঐন্দ্রিলা জুটি যেন অনেক বেশি জনপ্রিয়। এই প্রসঙ্গে অঙ্কুশ বলেন,
“না না, খারাপ লাগবে কেন? আমি ওদের জীবনে আসার অনেক আগে থেকেই বিক্রম-ঐন্দ্রিলা জুটি সফল। ছোটপর্দায় তাদের গ্রহণযোগ্যতা অন্যরকম। প্রথম দিন থেকে তারা দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। সেটি টপকে অন্য জুটিকে প্রতিষ্ঠা করা কঠিন। আমার কোনো আক্ষেপ নেই। বরং চাই, বিক্রম-ঐন্দ্রিলা আরও বেশি কাজ করুক।”

অঙ্কুশ আরও জানান, তিনজনই খুব ভালো বন্ধু। তাই তারা নিজেদের মধ্যে প্রায়ই আলোচনা করেন— কাজের সুযোগ এলে বিক্রম ও ঐন্দ্রিলার তা গ্রহণ করা উচিত। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আরও ভালো কাজ করার প্রত্যাশা তার।

তবে এবার ধারাবাহিক নয়, নতুন এক রিয়্যালিটি শোতেই দেখা যাবে বিক্রম-ঐন্দ্রিলাকে। এর আগে অঙ্কুশ-বিক্রম জুটি সঞ্চালক হিসেবে দর্শকের মন জয় করেছিলেন। এবার ঐন্দ্রিলার সঙ্গে বিক্রমের জুটি দর্শকদের কাছে কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi