কলকাতায় নূরুজ্জামানের ‘মাস্তুল’ আগস্টে...

 

ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে ঢাকার সিনেমা ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আগামী ১৫ থেকে ২১ আগস্ট কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে বসবে এই উতসবের চতুর্থ আসর। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী।

উতসবটির আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া (এফএফএসআই)-এর ইস্টার্ন রিজিয়ন, যা ১৯৫৯ সালে কিংবদন্তি নির্মাতা সত্যজিত রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এশিয়া-প্যাসিফিক শাখার সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এ বছরের উতসবে তিনটি বিভাগে মোট ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে বাংলাদেশের ‘মাস্তুল’, যা এর আগে রাশিয়ার মস্কো ও চেবক্সারি উতসবে প্রশংসিত হয়েছে এবং ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে নির্বাচিত হয়েছে। এছাড়া, আসছে সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের ২৪তম আসরে ‘সেরা মানবিক ছবি’ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান এই উতসবে অংশ নিতে আমন্ত্রণও পেয়েছেন।

ভাসমান জীবনের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনের দায়িত্বে রয়েছে টঙঘর টকিজ। নির্মাতা জানিয়েছেন, স্পেনের উতসবের আগেই দেশের দর্শকদের জন্য ‘মাস্তুল’ মুক্তির পরিকল্পনা চলছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi