সিনেমা বন্ধ হতেই ‘অপয়া’ তকমা, ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন বিদ্যা

 সিনেমা বন্ধ হতেই ‘অপয়া’ তকমা, ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন বিদ্যা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী বিদ্যা বালান একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। তবে তার এই সফল ক্যারিয়ারের পথ মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা তার ক্যারিয়ারের শুরুর দিকের দুঃসহ অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন। সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের গোড়ার দিকে তিনি একটি মালয়ালম ছবিতে কাজ শুরু করেছিলেন। ছবির নাম ছিল ‘চক্রম’, যেখানে তার বিপরীতে অভিনয় করছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল। ছবিটির পেছনের গল্প শেয়ার করে বিদ্যা বলেন, ‘১৫ দিন শুটিং চলছিল, সবকিছু ভালোই এগোচ্ছিল। হঠাৎ একদিন জানানো হলো শিডিউল বন্ধ। অথচ পুরো ছবির শুটিং একসঙ্গে শেষ হওয়ার কথা ছিল। তখনও বুঝতে পারিনি যে কোনো সমস্যা চলছে।’ মুম্বাই ফিরে এসে বিদ্যার নামে নানা গুঞ্জন শুরু হয়। সেই সময় তিনি একসঙ্গে ৮-৯টি ছবির অফার পেয়েছিলেন। কিন্তু ‘চক্রম’ বন্ধ হয়ে যাওয়ার পর সব অফার বাতিল হয়ে যায়, এবং বিদ্যার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অপয়া’ তকমা। প্রযোজকরা মনে করেছিলেন, বিদ্যাই হয়তো ছবির জন্য ‘অপশক্তি’। এই সময়ের কথা উল্লেখ করে বিদ্যা বলেন, ‘প্রতিদিন রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতাম। ভয়াবহ সময় ছিল। বাবা-মা প্রার্থনা করতেন যেন অন্তত একটি ছবির কাজ পাই!’ অবশেষে ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিদ্যার। ছবিটি সফল হয় এবং তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর তিনি বলিউডে নিজের অবস্থান শক্ত করেন। সম্প্রতি তাকে দেখা গেছে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi