দীপিকার ৮ ঘণ্টা কাজ নিয়ে বিতর্ক, ‘স্পিরিট’ ছাড়ার পক্ষে বিদ্যা বালানের সমর্থন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের সীমাবদ্ধতার কারণে ‘স্পিরিট’ সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সদ্য মা হওয়া দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে অনিচ্ছুক, যেখানে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার সিদ্ধান্তে অটল। ফলে, দীপিকা এই সিনেমা থেকে সরে দাঁড়ান, এবং তার জায়গায় অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রী তৃপ্তি দিমরির।

দীপিকার সিনেমা ছাড়ার বিষয়টির চেয়ে তার ৮ ঘণ্টা কাজের সিদ্ধান্ত নিয়ে আলোচনা বেশি জোরালো হয়েছে। তার এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়েছেন বলিউডের কাজল, সাইফ আলি খান, দক্ষিণী তারকা রানা দগ্গুবতি এবং বাংলার অভিনেত্রী প্রিয়াংকা সরকার। এবার দীপিকার পক্ষে কথা বললেন অভিনেত্রী বিদ্যা বালান।

হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাতকারে বিদ্যা বালান বলেন, “মায়েদের কত ঘণ্টা কাজ করা উচিত, এটি যদি আলোচনার বিষয় হয়, তাহলে আমি বলব—এটি একেবারে ন্যায্য দাবি। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন ব্যবস্থা রয়েছে। নতুন মায়েদের যাতে ক্যারিয়ারের জন্য ত্যাগ স্বীকার না করতে হয়, সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

আক্ষেপের সুরে তিনি বলেন, “আমি মা হইনি, তাই আমি ১২ ঘণ্টা কাজ করতে পারি। আমার কোনো আপত্তি নেই। আমি যে ধরনের সিনেমায় কাজ করি, সেখানে ৮ ঘণ্টায় কাজ শেষ করা সম্ভব নয়। আমার কাছে পৃথিবীর সমস্ত সময় আছে, তাই আমি ১২ ঘণ্টা শিফটে কাজ করি।”

উল্লেখ্য, ২০১২ সালে বিদ্যা বালান প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৩ বছরের দাম্পত্য জীবনে তারা এখনো নিঃসন্তান। ব্যক্তিগত এই বিষয় নিয়ে বিদ্যা কখনো খোলামেলা আলোচনা করেননি। তবে দীপিকার প্রসঙ্গে তার কথায় যেন কিছুটা আক্ষেপের সুর ধরা পড়ল।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi