উত্তরা সেক্টর-৪ শুটিং নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহারের সম্ভাবনা

 ঢাকার উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও সিনেমার শুটিং কার্যক্রমে জনসমাগম, শব্দদূষণ এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির অভিযোগে গত ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতি শুটিং বন্ধে নির্দেশনা জারি করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। শনিবার (২৭ জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে এক যৌথ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিষেধাজ্ঞার পর নাটক ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ড তীব্র প্রতিবাদ জানায়। এর প্রেক্ষিতে সমিতি আলোচনার উদ্যোগ নেয়। উত্তরা কল্যাণ সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমে বলেন, “আমরা এলাকাবাসীর স্বার্থে কাজ করি। তবে শুটিং ইউনিটগুলো যদি পরিবেশ রক্ষা করে এবং নিয়ম মেনে কাজ করে, তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কার্যক্রম চালানো সম্ভব। আজকের বৈঠকে আমরা একটি যৌক্তিক সমাধানে পৌঁছাব বলে আশাবাদী।”

‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক ও শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “৩০ বছর ধরে আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত। হঠাত নিষেধাজ্ঞা সমাধান নয়। আমরা আলোচনার মাধ্যমে গঠনমূলক সমাধান চাই এবং নিয়ম মেনে কাজ করতে প্রস্তুত।”

বর্তমানে উত্তরা সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস—লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২—রয়েছে। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শুটিং হাউস থাকলেও তা নিয়মিত কার্যক্রমে নেই।

সব পক্ষের আলোচনার ভিত্তিতে নতুন কিছু শর্ত আরোপ করে শুটিং কার্যক্রম পুনরায় চালু করার সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবারের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi