ভারতে অশ্লীল কনটেন্টের অভিযোগে ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ: কঙ্গনার সমর্থন

 অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ২৪টি ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে। দর্শকদের মনে নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং এটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সমাজ যেন অবক্ষয়ের দিকে না যায়, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই নিষেধাজ্ঞা আমাদের সংস্কৃতি ও তরুণ প্রজন্মের মানসিকতা রক্ষার জন্য জারি করা হয়েছে।”

কঙ্গনা আরও বলেন, “আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় এ ধরনের উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই। অবৈধ ও অশ্লীল কনটেন্ট ছড়ানো এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।”

উল্লেখ্য, কিছু ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে ‘সফট পর্ন’ জাতীয় কনটেন্ট এবং অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল, যা একাধিকবার সমালোচনার মুখে পড়েছিল। এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে এই প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা ভারতের ডিজিটাল কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় এবং সমাজে নৈতিক মূল্যবোধ বজায় রাখার প্রচেষ্টাকে আরও জোরদার করেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi